কৃষিকে লাভজনক ও উদ্যোক্তাবান্ধব করতে ইনোভেশন কার্যক্রমের আওতায় সীতাকুণ্ডে ৭ দিনব্যাপী টমেটোর সস, পিউরি, আচার, জ্যাম ও জেলি প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণ ও সেরা প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন ছাত্রী, গৃহিণী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অংশ নেন। কৃষিবিদ মো. হাবিবুল্লাহ্র তত্ত্বাবধানে প্রশিক্ষক জান্নাতুল নাঈমা হাতে-কলমে টমেটোর সস ও পিউরি তৈরির পাশাপাশি মৌসুমি ফল দিয়ে আচার, জ্যাম ও জেলি প্রস্তুতের কৌশল শেখান।
সমাপনী অনুষ্ঠানে কৃষিবিদ মো. হাবিবুল্লাহ্ বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও অপচয় রোধে প্রক্রিয়াজাতকরণ কার্যকর ভূমিকা রাখতে পারে। নারীদের জন্য রান্নাঘরও ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ওঠার সম্ভাবনাময় ক্ষেত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম, রাকিবুল আলম, নাজিম উদ্দীন ও রুমি চৌধুরী। প্রশিক্ষণার্থীরা জানান, অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অনেকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা করছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে সনদ প্রদান এবং সেরা তিনজনকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।
