সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট নগরীকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সিউকের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার নগরীর হাউজিং এস্টেটস্থ আবাসিক এলাকা গেট জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে উপস্থিত সম্মানিত মুসল্লি ও এলাকার মুরব্বিয়ানদের সঙ্গে শুভেচ্ছা, দোয়া ও পারস্পরিক কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। কুশল বিনিময়কালে নবনিযুক্ত চেয়ারম্যান সিউকের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে সর্বস্তরের নাগরিক, বিশেষ করে এলাকার মুরব্বি ও সচেতন মহলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
তিনি তার ওপর গভীর বিশ্বাস ও আস্থা রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র পরিকল্পনা অনুযায়ী সবার প্রত্যাশিত ও বাসযোগ্য সিলেট গড়তে নিজের অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য সবার দোয়া চান। এ সময় এলাকার মুরব্বিয়ান ও স্থানীয় মুসল্লিরা সিউকের নতুন চেয়ারম্যানকে উষ্ণ অভিনন্দন জানান এবং তার মেয়াদের সফলতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। কুশল বিনিময়কালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।
