দিনাজপুরের পার্বতীপুরে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মঞ্জুরুল হক মঞ্জু দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপিতে যোগদানের করেছেন। গত বৃহস্পতিবার বিকালে শহরের পুরাতন বাজার ধানহাটিতে পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য ‘নির্বাচন পরবর্তী নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সাংগঠনিক ও মতবিনিময় সভা’ অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মর্তুজা হক শাহ অস্টিন, পার্বতীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন (সাদো), সহ-সাধারণ সম্পাদক দীপঙ্কর শাহ মানিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম (ডাক্তার), সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম ও মহিলা দলের রুবিনা পারভিন প্রমুখ। যোগদান করে সাবেক এ আওয়ামী লীগ নেতা সাংবাদিকদের বলেন, আমি জেলে থাকাকালে আওয়ামী লীগ নেতারা কেউ আমার খোঁজখবর নেয় নাই। এ জন্য আমি আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি।
