ডোমারে সেনাসদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ২

ডোমারে সেনাসদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

নীলফামারীর ডোমারে গোমনাতী ফরেস্ট এলাকায় এক সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার উত্তর গোমনাতী এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. শফিকুল ইসলাম বাবু (৩৮) এবং একই এলাকার মো. ছারোয়ার আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২)। জানা যায়, গত ১২ই জুন ছুটিতে বাড়িতে আসা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রায়হান ইসলাম তার স্ত্রীকে নিয়ে গোমনাতী ফরেস্ট এলাকায় ঘুরতে যান। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে। একপর্যায়ে রায়হান ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিলেও তারা তা বিশ্বাস না করে তাকে ও তার স্ত্রীকে হেনস্তা এবং মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সেনা সদস্যের বাবা নূর আলম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম (বাবু), আলমগীর হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, মামলার পলাতক দুই আসামি শফিকুল ইসলাম ও আলমগীর হোসেনকে গত ১৮ই জুন ভোরে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী কলোনীপাড়ার ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৩, রংপুর এবং সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

ডোমার থানার ওসি (তদন্ত) মো. আজগর আলী জানান, সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তারের পর তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন