মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ার অঙ্গীকারে পাগলা মসজিদে পুলিশ সুপার

ফন্ট সাইজ:

মাদকমুক্ত সৌহার্দ্যপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণের জন্য সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। শুক্রবার পাগলা মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে জেলায় মাদকের বিস্তারের বিষয়টি উল্লেখ করে উপস্থিত মুসল্লিদের মাদকের সংস্পর্শে না যাওয়ার প্রতিজ্ঞা করান। পুলিশ সুপার বলেন, এ জেলায় আসার পরে আমি দেখেছি, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি হয়। যেমন চায়ের দোকানে আড্ডা মারতে গিয়ে, একটি মোবাইল নিয়ে কথা বলতে গিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মারামারি হয়।

এসব ক্ষেত্রে আইনকে শ্রদ্ধা করে নিজেরা টেঁটা-বল্লম হাতে না নিয়ে পুলিশের সেবা গ্রহণ করার জন্য পুলিশ সুপার অনুরোধ জানান। পারস্পরিক সম্পর্ক বজায় রেখে ভালো কাজের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ছোট ভুল থেকে, চায়ের দোকানের আড্ডা থেকে কিংবা কারও সঙ্গে ছোট্ট কথাকাটাকাটি থেকে আমরা বিশাল মারামারিতে চলে যাই। টেঁটা-বল্লম দিয়ে আমরা পরস্পরকে ক্ষতি করি। মেরেও ফেলার ঘটনাও ঘটেছে।

মাদক এবং মারামারি এই দু’টি বিষয় উদ্বেগজনক। আমি বিশ্বাস করি, এ দু’টি জিনিস থেকে আমরা নিজেদের বিরত রাখবো। ধৈর্য ধরে নিজেকে সহনশীল মনে করে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে মারামারি থেকে বিরত থাকবো। একইভাবে মাদক থেকে বিরত থাকবো। এ ব্যাপারে বেশ কয়েকজন মুসল্লি জানান, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পুলিশ সুপারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জনসচেতনতা তৈরিতে এটি বেশ কার্যকর হবে। এ ছাড়া এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে পুলিশ এবং জনগণের মধ্যে সেতুবন্ধন রচনার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মুলে পুলিশ সম্পর্কে জনগণের প্রচলিত দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন ঘটবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন