কুমিল্লার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মো. গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার মসজিদে এশার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে। নিহত গিয়াস ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে ও পেশায় জমির পরিমাপক (আমিন) হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া, এলাকায় তিনি একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যান।
এশার ফরজ নামাজ শেষে বেতর নামাজ আদায়ের সময় তিনি দ্বিতীয় রাকাতের রুকুতে যান। সেখান থেকেই সামনের দিকে ঢলে পড়েন। বিষয়টি খেয়াল করে অন্য মুসল্লিরা এগিয়ে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গিয়াস উদ্দিন সরকারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
