কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে ফজরের নামাজে যাওয়ার পথে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত আকিবুর রহমান আকিবসহ ১৩ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী তাছলিমা আক্তার। অভিযোগে বলা হয়েছে, আহত জামাল হোসেন প্রায় এক বছর আগে রেইসকোর্সের ধানমণ্ডি এলাকায় ৮ দশমিক ৭৫ শতক জমি বায়নামূলে ক্রয় করেন। পরে ওই জমির প্রবেশপথে অভিযুক্তরা জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার উদ্যোগ নেয়া হলেও অভিযুক্তরা কোনো মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা জমি বিক্রি করতে চাইলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমি বিক্রি করতে দেয়া হবে না এবং প্রাণনাশের হুমকিও দেয়া হয়। পরে জমির ক্রেতাদের কাছে দখল বুঝিয়ে দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জামাল ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি নির্জনস্থানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে প্রধান অভিযুক্ত আকিব পিস্তল বের করে গুলি ছোড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা জামালকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় ও স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তাছলিমা অভিযোগ করেন, জমি দখল ও চাঁদাবাজির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার স্বামীর ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
