রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম সমাধিতে সিডিএ চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম সমাধিতে সিডিএ চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। শুক্রবার সকালে নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলায়েত হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য গঠন এবং রাষ্ট্র পরিচালনায় তার বিভিন্ন উদ্যোগ আজও মানুষের কাছে স্মরণীয়। তার দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রাঙ্গুনিয়ার মাটি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সিডিএ চেয়ারম্যান বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বিএনপি’র নেতাকর্মীরা নানা ধরনের বঞ্চনা ও হয়রানির শিকার হয়েছেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অবদান রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পালনের প্রসঙ্গে বেলায়েত হোসেন বলেন, নগর উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে। সরকারি স্বার্থ ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিডিএ’র কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

একইসঙ্গে অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন। পরে তিনি সম্প্রতি নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন