সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর অফিসার্স ক্লাব হলরুমে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। স্ট্রেনথেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস প্রকল্পের আওতায় সভায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় স্থানীয় ও জাতীয় পত্রিকার শ্যামনগর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে নারী, শিশু ও যুব প্রতিবন্ধীদের চাহিদা ও অধিকারকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারে।
