এমপি শাহজাহান চৌধুরীকে ‘গুলি করার’ অডিও ভাইরাল

এমপি শাহজাহান চৌধুরীকে ‘গুলি করার’ অডিও ভাইরাল

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিতবাহী একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে এমপিকে ‘পায়ে গুলি করার’ কথা শোনা যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া অডিও’র কথোপকথনে অংশ নেয়া দুই ব্যক্তির একজন এমপি শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে পরিচিত আরমান উদ্দিন এবং অপরজন যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. তারেকুল হক বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে। তবে অডিওটির সত্যতা বা সংশ্লিষ্টদের কণ্ঠস্বরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক যাচাই সম্পন্ন হয়নি।

অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। এখানে আরমান সাহেবের কথাই চলবে।’ জবাবে অপরপ্রান্ত থেকে বলা হয়, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।’ কথোপকথনের আরেক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে থাকার প্রসঙ্গ উঠলে জবাবে বলা হয়, ‘এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।’ স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অডিওতে উল্লেখিত তারেকুল হক লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকার বাসিন্দা এবং যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া, তিনি অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে জড়িত একটি চক্রের ঘনিষ্ঠ বলে এলাকা জুড়ে আলোচনা রয়েছে।

যদিও এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে, এমপি শাহজাহান চৌধুরীর পিএ হিসেবে পরিচিত আরমান উদ্দিনের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তার কাছে বালুমহাল ও পাহাড় কাটাসংক্রান্ত বিষয়ে তদবির করার অভিযোগও রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘অডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে।’ অডিওতে নিজের কণ্ঠ থাকার বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো? আগে আমাকে অডিওটি দেন, তারপর বিষয়টি বলতে পারবো।’ অন্যদিকে, কথোপকথনের অপর প্রান্তে থাকা বলে দাবি করা তারেকুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন