গাইবান্ধার সাঘাটার গোবিন্দপুর এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ ও নদীভাঙন রোধে কোটি টাকা ব্যয়ে নির্মিত সিসি ব্লক এবং জিওব্যাগ ডাম্পিং বাঁধে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীর পানির চাপে ১০ নম্বর সাইডের ব্লকগুলো ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউল বহির্ভূত এবং গাফিলতি কাজ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ আনুষ্ঠানিকভাবে বুঝে নেয়ার আগেই এই ধসের ঘটনায় স্থানীয় শত শত পরিবারের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, নদীভাঙন রোধে কোটি টাকার এই মেগা প্রকল্পে শুরু থেকেই অনিয়ম চলে আসছে।
ব্লক স্লোপিং (ঢালু করা) করার ক্ষেত্রে যে সুনির্দিষ্ট নিয়ম ও সিডিউল ছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান তা সম্পূর্ণ লঙ্ঘন করে অতি দ্রুত কাজ শেষ করার পাঁয়তারা করেছিল। বর্ষা মৌসুমের শুরুতেই বাঁধের এই নাজুক অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছেন যমুনা পাড়ের মানুষ। কাজ শেষ হতে না হতেই বাঁধ ধসে যাওয়ায় গোবিন্দপুর ও এর আশপাশের এলাকার শত শত পরিবার এখন নতুন করে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ বুঝে নেয়ার আগেই এই ধসের ঘটনা ঘটায় প্রকল্পের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে পাউবোর দায়িত্বশীল কর্মকর্তা শরীফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। নদীপাড়ের মানুষের দাবি, অনতিবিলম্বে এই অনিয়মের তদন্ত করে দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং যমুনার গ্রাস থেকে গোবিন্দপুর এলাকাকে রক্ষায় জরুরিভিত্তিতে টেকসই সংস্কার কাজ শুরু করতে হবে।
