টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের রিপন মিয়ার ছেলে আব্দুর রহমান (১১) ও নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। আব্দুর রহমান এলাসিন টি.জে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি ও ফয়সাল স্থানীয় নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি পুকুরে শিশু দু’টিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী সোম পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। দেলদুয়ার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পানিতে ডুবেই তাদের মৃত্যু হযেছে। তবুও তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
