সাড়ে ৮ মাসেও অন্ধকারে নারায়ণ পাল হত্যা রহস্য

সাড়ে ৮ মাসেও অন্ধকারে নারায়ণ পাল হত্যা রহস্য

ফন্ট সাইজ:

নেত্রকোণার মোহনগঞ্জে ব্যবসায়ী নারায়ণ পাল হত্যার সাড়ে ৮ মাস পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার দুপুরে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী লিপি রানী সরকার।

মোহনগঞ্জ বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। লিপি রানী সরকার অভিযোগ করেন, মামলার পর থেকে পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে বারবার আশ্বাস দেয়। কিন্তু সাড়ে ৮ মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। জানা যায়, ২০২৫ সালের ৬ই অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে মোহনগঞ্জ থানার প্রায় ১৫০ গজ দূরে নিজ মুদি দোকান ‘নারায়ণ স্টোর’-এর ভেতরে ব্যবসায়ী নারায়ণ পালকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার একদিন পর নিহতের স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর থেকে থানা পুলিশের পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত চালিয়ে আসছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যার রহস্য উদ্‌ঘাটন কিংবা ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে মোহনগঞ্জ বণিক সমিতির সভাপতি মো. মাসুম মিয়া বলেন, মামলাটির তদন্তে দীর্ঘসূত্রতা এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার ও ব্যবসায়ী সমাজের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন