সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াশ পৌর শহরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
শুক্রবার দুপুরে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে তাকে তার ভাড়া বাসা থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০১৮ সালের ১২ই ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে তৎকালীন আওয়ামী লীগের এমপি অধ্যাপক আব্দুল আজিজের নির্দেশে বিএনপি’র প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী জনসভায় হামলা, ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এতে বিএনপি’র শতাধিক নেতাকর্মী আহত হন। পরে ওই ঘটনায় ২০২৪ সালের ১১ই সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ ৯৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে বারুহাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান একটি মামলা দায়ের করেন। এতে আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় বাবুল পরোয়ানাভুক্ত আসামি।
