ঢাকার কেরানীগঞ্জে তরিকুল ইসলাম পবন হত্যার ২৪ ঘণ্টার মধ্যে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক ফ্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান এডিশনাল এসপি তরিকুল ইসলাম। এডিশনাল এসপি তরিকুল ইসলাম জানান, গত ১৬ই জুন রাত সাড়ে ১০টায় মাওয়া এক্সপ্রেসওয়েতে তরিকুল ইসলাম পবন (২৭) বান্ধবী লাভেরিয়া আক্তারকে নিয়ে আব্দুল্লাহপুর ফ্লাইওভারে অপেক্ষা করছিল। এ সময় একটি পেশাদার ছিনতাইকারী দল তাদের বাইক ও অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় পবনের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হলে একপর্যায়ে পবনকে ছুরিকাঘাত করে বান্ধবীর ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা পবনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা নিশ্চিত হই তার মৃত্যু হয়েছে। পরে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে দক্ষিণ কেরানীগঞ্জ পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মেহেদী হাসান রানা নামে একজনকে মোবাইলসহ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য ও উপাত্ত পাওয়া যায়। পরে কেরানীগঞ্জ সার্কেল এডিশনাল এসপি জামালুর রহমানের নেতৃত্বে পুলিশ চুনকুটিয়াসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে জানা যায়, ছিনতাইয়ের সময় ওই গাড়িতে তিনজন ছিনতাইকারী ছিল। তারা হলো- রাজু আহমেদ ওরফে লাল চান (৩২), মো. সজীব মৃধা (২৮) জিহাদ মিয়া (২১)। তিনি আরও জানান, রাজু আহমেদ ওরফে লালচানের নামে বিভিন্ন থানায় পাঁচটি ছিনতাই মামলা রয়েছে। আসামিদের কোর্টে সোপর্দ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি। প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ সার্কেল এডিশনাল এসপি জামিলুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম প্রমুখ।
