নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের গণপূর্ত ভবনে অস্থায়ী কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত নগর গড়ে তোলার দায়িত্ব তাকে দেয়া হয়েছে। প্রশাসন ও সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। এ ছাড়া বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহের পরিকল্পিত উন্নয়নেরও আশ্বাস দেন তিনি।এর আগে গণপূর্ত ভবন প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত চেয়ারম্যান। এ সময় পরিকল্পিত নগর গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
১১ জুন সরকার মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
