জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে উসমান গনি (৮) ও ইসমাইল হোসেন (৭) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে এই নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ উসমান গনি রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে এবং অপরজন একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় ৪- ৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই শিশু তলিয়ে যেতে থাকে। তাদের সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং ডুবুরি ইউনিট। এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ঘণ্টা পার হলে এখনও কোন শিশু উদ্ধার হয়নি।
এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. শহীদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর থেকে উদ্ধার অভিযান চলমান রেখেছি। এখনও শিশু দুটি উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে স্রোতে অন্য কোথাও চলে গেছে তাদের দেহ। নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে শিশুদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।
