আলোচনার মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করতে বাংলাদেশ ও ভারতকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক বলেছেন, সীমান্তে ‘পুশ ইন’ সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা উভয় দেশের দায়িত্ব।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতির দিকে আবারও দৃষ্টি দেয়া উচিত। আন্তর্জাতিক মহলের মনোযোগ বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, লেবানন, দক্ষিণ সুদান ও হাইতির দিকে থাকলেও, বাংলাদেশ-ভারত সীমান্তে কয়েক শ নারী ও শিশুর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুরা ক্ষুধায় কাঁদছে এবং নারীরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন- এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব বিষয়টিকে কীভাবে দেখছেন?
এর জবাবে ডুজারিক বলেন, আলোচনার মাধ্যমে এবং মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এই সমস্যার সমাধান করা উভয় দেশেরই দায়িত্ব।
এ সময় আরেক প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি একসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কয়েক মাসের মধ্যেই তিনি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন।
একইসঙ্গে জাতিসংঘ মহাসচিবও অতীতে শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে কি নতুন করে আশাবাদী হওয়া যায়?
এর জবাবে ডুজারিক বলেন, সাধারণ পরিষদের সভাপতির মূল দায়িত্ব হলো পরিষদের কার্যক্রম পরিচালনা করা। ফলে মহাসচিব ও সাধারণ পরিষদের সভাপতির মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সাধারণ পরিষদের বিষয়গুলোই অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা প্রক্রিয়ায় কাজ অব্যাহত রয়েছে।

আতিক
৩ দিন আগেআমেরিকা সংঘ।পৃথিবীর সমস্ত কুকামের সংঘ। ছিঃ দিনের আলোতে এত স্কুলে যাওয়া মানুষ জেনোসাইড দেখে ভেটো চর্চা করে হাসি আর তাচ্চিল্য ছাড়া আর কী । মানুর দল। মানুষ নয়।