মস্কোতে শত শত ড্রোন হামলা, জ্বলছে তেল ডিপো-ভবন

মস্কোতে শত শত ড্রোন হামলা, জ্বলছে তেল ডিপো-ভবন

ফন্ট সাইজ:

পুরো মাত্রার যুদ্ধ শুরুর পর রাশিয়ার রাজধানী মস্কো সবচেয়ে বড় ইউক্রেনীয় হামলার শিকার হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অন্তত ২০০টি ড্রোন মস্কোর চারপাশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সেখানে ঘন ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

স্থানীয় গভর্নর আন্দ্রেই ভরোবৈয়ভ জানান, মস্কো অঞ্চলে ইউক্রেনীয় হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে অন্তত এক হাজার ইউক্রেনীয় ড্রোন, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ছোড়া ড্রোন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রুস্তভ অঞ্চলে একটি তেল ডিপোতে আঘাত হেনেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোতে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিয়েভ আবারও মস্কো অঞ্চলে ‘দূরপাল্লার হামলা’ চালিয়েছে।

তিনি বলেন, এই যুদ্ধ অবসান ঘটানোর সময় এসেছে। তিনি রাশিয়াকে কূটনীতির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি দাবি করেছেন, গত সপ্তাহে কিয়েভে রাশিয়ার হামলার জবাবে এই ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবিসি বলছে, হামলার কারণে দক্ষিণ-পূর্ব মস্কোর কাপোতনিয়া তেল শোধনাগারে এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে একটি বিশাল তেল সংরক্ষণ ট্যাংকের ঢাকনা কয়েক ডজন মিটার উপরে বাতাসে উড়ে গেছে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে কাছাকাছি একটি শপিং সেন্টারেও আগুন লেগেছে। ভবনটির ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর এমনটা হয়েছে বলে মস্কো দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে বাতিল বা বিলম্বিত হয়েছে ৫০০টিরও বেশি ফ্লাইট।

গত চার বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন