ডোরি ফিশ আসলে কী

ডোরি ফিশ আসলে কী

ফন্ট সাইজ:

বাংলাদেশের সুপারশপ, রেস্টুরেন্ট, ফাস্টফুড চেইন ও অনলাইন খাদ্যবাজারে গত এক দশকে একটি নাম দ্রুত জনপ্রিয় হয়েছে—“ডোরি ফিশ ফিলে”। ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফিঙ্গার, বার্গার, স্যান্ডউইচ কিংবা শিশুদের বিভিন্ন খাবারে এখন “ডোরি ফিশ” একটি পরিচিত উপাদান। অনেক ভোক্তা মনে করেন এটি ইউরোপ বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোনো উন্নতমানের সামুদ্রিক মাছ। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের বাজারে ‘ডোরি ফিশ’ নামে বিক্রি হওয়া অধিকাংশ ফিলে আসলে পাঙ্গাস (Pangasius hypophthalmus) মাছের ফিলে, যা ভিন্ন নামে বাজারজাত করা হচ্ছে।
প্রশ্ন হলো—একটি দেশীয়ভাবে সুপরিচিত ও ব্যাপকভাবে উৎপাদিত মাছ কেন অন্য নামে বিক্রি করা হচ্ছে? এটি কি শুধুই বিপণন কৌশল, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে ভোক্তা অধিকার, খাদ্য লেবেলিং এবং বাজার স্বচ্ছতার গুরুত্বপূর্ণ প্রশ্ন?

ডোরি নামের পেছনের গল্প

বিশ্বে প্রকৃতপক্ষে “ডোরি” নামে কয়েকটি সামুদ্রিক মাছ রয়েছে, যেমন John Dory (Zeus faber), Silver Dory এবং Mirror Dory। এসব মাছ মূলত ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে পাওয়া যায় এবং আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে উচ্চমূল্যের মাছ হিসেবে পরিচিত। কিন্তু ১৯৯০-এর দশকের শেষভাগে ভিয়েতনামে পাঙ্গাসের শিল্পভিত্তিক চাষ ও রপ্তানি দ্রুত বৃদ্ধি পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে এর ফিলে বিভিন্ন নামে বিক্রি হতে শুরু করে—Pangasius Fillet, Basa Fillet, Cream Dory এবং Dory Fillet। ধীরে ধীরে “ডোরি” নামটি একটি বিপণন ব্র্যান্ডে পরিণত হয়। বর্তমানে বিশ্ববাজারে যে “Cream Dory” বা “Dory Fillet” নামে পণ্য বিক্রি হয়, তার একটি বড় অংশই ভিয়েতনামে উৎপাদিত পাঙ্গাসের ফিলে।

পাঙ্গাস: বাংলাদেশের নীরব বিপ্লব

পাঙ্গাস বাংলাদেশের মৎস্য খাতের অন্যতম সফল চাষকৃত মাছ। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে বার্ষিক মাছ উৎপাদন ৫০ লাখ মেট্রিক টনেরও বেশি। এর মধ্যে পাঙ্গাসের উৎপাদন কয়েক লাখ মেট্রিক টন, যা দেশের অন্যতম প্রধান একক চাষযোগ্য মাছ। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও যশোর অঞ্চলে হাজার হাজার খামারি পাঙ্গাস চাষের সঙ্গে যুক্ত। সরাসরি ও পরোক্ষভাবে লাখো মানুষের জীবিকা নির্ভর করছে এই শিল্পের ওপর। বাংলাদেশে পাঙ্গাস চাষের অর্থনৈতিক গুরুত্বের কয়েকটি দিক হলো—কম সময়ে বাজারজাত করা যায়; খাদ্য রূপান্তর দক্ষতা (FCR) তুলনামূলক ভালো; উৎপাদন খরচ কম; সারা বছর উৎপাদন সম্ভব; নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী প্রাণিজ প্রোটিনের উৎস। অর্থাৎ, পাঙ্গাস কোনো নিম্নমানের মাছ নয়; বরং এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তার অন্যতম স্তম্ভ।

পুষ্টিগুণে পাঙ্গাস কতটা সমৃদ্ধ?

পাঙ্গাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও বৈজ্ঞানিক গবেষণা ভিন্ন কথা বলে। পাঙ্গাস একটি উচ্চমানের প্রাণিজ প্রোটিনের উৎস, যাতে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যামিনো অ্যাসিড, ফসফরাস, সেলেনিয়াম, ভিটামিন বি-১২, নিয়াসিনসহ বেশ কয়েক ধরনের বি-কমপ্লেক্স ভিটামিন বিদ্যমান। একই সঙ্গে এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে কম। যদিও সালমন, টুনা বা ম্যাকারেলের মতো সামুদ্রিক তৈলাক্ত মাছের তুলনায় পাঙ্গাসে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম, তবুও এটি একটি নিরাপদ, পুষ্টিকর এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত খাদ্য।

তাহলে ‘পাঙ্গাস’কে ‘ডোরি’ বানানোর প্রয়োজন কেন?

বাজার বিশেষজ্ঞদের মতে, এর পেছনে মূলত বিপণন কৌশল কাজ করে। “পাঙ্গাস” নামটি অনেক ভোক্তার কাছে একটি সাধারণ ও কমদামি মাছের ধারণা তৈরি করলেও “ডোরি” নামটি তুলনামূলকভাবে আধুনিক, বিদেশি এবং উচ্চমূল্যের পণ্যের ভাবমূর্তি সৃষ্টি করে। ফলে একই মাছের ফিলে ‘ডোরি ফিশ’ নামে উপস্থাপন করলে ভোক্তার আগ্রহ বাড়ে, রেস্টুরেন্টের মেন্যু আরও আকর্ষণীয় মনে হয় এবং অনেক ক্ষেত্রে বেশি মূল্য আদায় করা সম্ভব হয়। তবে সমস্যা দেখা দেয় তখনই, যখন ভোক্তাকে জানানো হয় না যে তথাকথিত ‘ডোরি’ আসলে পাঙ্গাস মাছেরই ফিলে।

বৈশ্বিক সমস্যা: Seafood Mislabeling

মাছের ভুল বা বিভ্রান্তিকর লেবেলিং আজ একটি বৈশ্বিক সমস্যা। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী বিক্রি হওয়া মাছের উল্লেখযোগ্য অংশ ভুল নামে বাজারজাত হয়। কখনো কমদামি মাছকে দামি মাছ হিসেবে বিক্রি করা হয়, কখনো বিপন্ন প্রজাতির মাছকে অন্য নামে বিক্রি করা হয়। এই সমস্যাকে বলা হয় Seafood Mislabeling। এর ফলে—ভোক্তা প্রতারিত হন; বাজারে অসৎ প্রতিযোগিতা সৃষ্টি হয়; খাদ্য নিরাপত্তা ঝুঁকি বাড়ে; ট্রেসেবিলিটি বা উৎস শনাক্তকরণ কঠিন হয়। বিশ্বের অনেক দেশে এখন DNA Barcoding প্রযুক্তি ব্যবহার করে মাছের প্রকৃত প্রজাতি শনাক্ত করা হচ্ছে।

আন্তর্জাতিক আইনে কী বলা আছে?

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশে মাছ ও মাছজাত পণ্যের ক্ষেত্রে ভোক্তাকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। সাধারণত পণ্যের বাণিজ্যিক নামের পাশাপাশি বৈজ্ঞানিক নাম, মাছটি চাষকৃত নাকি প্রাকৃতিক জলাশয় থেকে আহরিত, এর উৎপত্তিস্থল এবং প্রক্রিয়াজাতকরণ–সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করার বিধান রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো পণ্য যদি পাঙ্গাস হয়, তাহলে তার বৈজ্ঞানিক নাম Pangasius hypophthalmus উল্লেখ করতে হয়। এর মূল উদ্দেশ্য হলো ভোক্তাকে সঠিক তথ্য প্রদান এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা।

বাংলাদেশের আইন কী বলে?

বাংলাদেশের নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পণ্যের প্রকৃত পরিচয় সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান আইনত প্রশ্নবিদ্ধ। যদি কোনো খাদ্যপণ্য এমনভাবে উপস্থাপন করা হয় যাতে ভোক্তা তার প্রকৃত পরিচয় সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন, তাহলে তা ভোক্তার তথ্য জানার অধিকারের পরিপন্থী। অতএব, “ডোরি ফিশ” নামে পণ্য বিক্রি করা হলে সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত—
“Dory (Pangasius Fillet)” অথবা
“Pangasius (Marketed as Dory)”
এ ধরনের স্বচ্ছ লেবেলিং ভোক্তার আস্থা বৃদ্ধি করবে।

ভোক্তার জানার অধিকার

জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারের অন্যতম মৌলিক নীতি হলো ‘তথ্য জানার অধিকার’ বা Right to Information। একজন ভোক্তার জানার অধিকার রয়েছে তিনি আসলে কোন প্রজাতির মাছ কিনছেন, মাছটি দেশীয়ভাবে উৎপাদিত নাকি আমদানি করা, এর বৈজ্ঞানিক পরিচয় কী, এটি চাষকৃত নাকি প্রাকৃতিক উৎস থেকে আহরিত এবং কোন দেশ বা অঞ্চল থেকে এসেছে। এসব তথ্য স্পষ্টভাবে উল্লেখ না থাকলে একজন ক্রেতা সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। বর্তমানে বিশ্বের অনেক দেশে QR কোড, ডিজিটাল ট্রেসেবিলিটি এবং স্মার্ট লেবেলিং ব্যবস্থার মাধ্যমে খাদ্যপণ্যের উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের খাদ্যখাতেও এ ধরনের উদ্যোগ এখন সময়ের দাবি।

পাঙ্গাসকে লুকিয়ে নয়, গর্বের সঙ্গে পরিচয় দিন

বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বড় মৎস্য উৎপাদনকারী দেশ। স্বাদ, পুষ্টি ও প্রাপ্যতার কারণে পাঙ্গাস আমাদের খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই পাঙ্গাসকে “ডোরি” নামের আড়ালে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। বরং এর পুষ্টিগুণ, অর্থনৈতিক অবদান এবং কর্মসংস্থান সৃষ্টির ভূমিকা তুলে ধরা উচিত। একটি মাছের নাম পরিবর্তন করে সাময়িকভাবে বাজারমূল্য বাড়ানো যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বাজার টিকে থাকে ভোক্তার আস্থা, সঠিক তথ্য এবং স্বচ্ছতার ওপর।

শেষকথা

বাংলাদেশের বাজারে বহুল পরিচিত “ডোরি ফিশ ফিলে”-এর অধিকাংশই আসলে পাঙ্গাস মাছের ফিলে। পাঙ্গাস কোনো নিম্নমানের মাছ নয়; বরং এটি দেশের অন্যতম সফল অ্যাকুয়াকালচার প্রজাতি, যা লাখো মানুষের পুষ্টি ও জীবিকার সঙ্গে জড়িত। ভোক্তাকে বিভ্রান্ত না করে যদি পণ্যের প্রকৃত পরিচয় তুলে ধরা যায়, তাহলে লাভবান হবে উৎপাদক, ব্যবসায়ী এবং ভোক্তা—সকলেই। কারণ শেষ পর্যন্ত একটি সহজ সত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ—“মাছের নাম বদলানো যায়, কিন্তু মাছের পরিচয় বদলানো যায় না।”

লেখক: সিনিয়র প্রোগ্রাম স্পেশালিষ্ট (ফিশারিজ)
সার্ক কৃষি কেন্দ্র, ফার্মগেট, ঢাকা, বাংলাদেশ।
ই-মেইল: [email protected]

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন