জাতীয় অধ্যাপক নিয়োগের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সদস্য হিসেবে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
দেশের বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা, যা সরকার শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার জন্য দেশের বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ ও শিক্ষকদের জাতীয় অধ্যাপক নিয়োগ দেয়া হয়। নীতিমালা অনুযায়ী ৫ বছর মেয়াদে সর্বোচ্চ চারজনকে জাতীয় অধ্যাপক নিয়োগ দেয়া যায়। উচ্চ যোগ্যতাসম্পন্ন প্রথিতযশা অধ্যাপক, যিনি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তার গবেষণা ও ব্যুৎপত্তির জন্য স্বীকৃতি লাভ করেছেন এবং জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তিনি এ পদের জন্য মনোনয়ন পেতে পারেন। এ ছাড়া যিনি নিজেকে সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত রাখতে সক্ষম, সে ধরনের অধ্যাপক এ পদের জন্য নির্বাচিত হবেন। বয়স হতে হবে ৭৫ বছরের কম। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন হলে তা শিথিলযোগ্য। জাতীয় অধ্যাপক সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন।
তিনি গবেষণা কাজের ক্ষেত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করবেন। জাতীয় অধ্যাপক যে গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকবেন, সে সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষা এবং গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। সংশ্লিষ্ট সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ইউজিসি চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি অবহিত রাখবেন। ইউজিসি গবেষণালব্ধ ফলাফল প্রয়োগের উদ্যোগ নেবে। জাতীয় অধ্যাপক ইউজিসি’র মাধ্যমে সম্মানী গ্রহণ করবেন। তিনি যে গবেষণা সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকবেন, সেই সংস্থা বা প্রতিষ্ঠান থেকে শিক্ষা ও গবেষণামূলক কাজ করার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন। জাতীয় অধ্যাপক পদে অধিষ্ঠিত থাকাকালীন তার যেসব বই-পুস্তক ছাপানো হবে, তা থেকে প্রাপ্ত সব সুবিধাদি তিনি প্রাপ্য হবেন। এ পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি সরকারের পূর্বানুমতি নিয়ে বিদেশে যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করতে পারবেন।
জাতীয় অধ্যাপক পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সরকারের সচিবের বেতনের সমপরিমাণ ৭৮ হাজার টাকা (নির্ধারিত) মাসিক ভিত্তিতে সম্মানী পাবেন। যদি এমন কোনো অধ্যাপককে জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয়, যিনি কোনো প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত, তিনি তার ইচ্ছানুযায়ী চাকরিতে থাকাকালীন ওই পদের বেতন-ভাতা অথবা জাতীয় অধ্যাপক পদের সম্মানীর যেকোনো একটি গ্রহণ করতে পারবেন।
