বৃত্ত ভাঙতে মুখোমুখি বসনিয়া সুইজারল্যান্ড

বৃত্ত ভাঙতে মুখোমুখি বসনিয়া সুইজারল্যান্ড

ফন্ট সাইজ:

বিশ্বকাপে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে খেলা গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। নিজেদের প্রথম ম্যাচে দু’দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। তাই আজকের লড়াইয়ে পূর্ণ তিন পয়েন্টে চোখ থাকবে তাদের। বসনিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবে নামবে সুইজারল্যান্ড। র‌্যাংকিংয়ে প্রতিপক্ষ বসনিয়ার (৬৪) চেয়ে অনেকটাই এগিয়ে মুরাত ইয়াকিনের দল (১৯)।

তবে কাতারের বিপক্ষে গোল আদায় করতে না পারা দুশ্চিন্তার বড় কারণ সুইসদের। ২৬ শট নিয়েও ওপেন প্লে থেকে কোনো গোল আদায় করতে পারেননি এমবোলো-শাকারা। একমাত্র গোলটি আসে পেনাল্টির সুবাদে। আর যোগকরা সময়ে গোল হজম করে হয় জয়বঞ্চিত। অন্যদিকে, কানাডার বিপক্ষে শুরুতে লিড নিয়ে জয় পায়নি বসনিয়াও। কোচ সের্গেই বারবারেসের দল টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে নামছে মাঠে। এই ম্যাচেও কাঁধের চোটের কারণে অনিশ্চিত এডিন জেকোর খেলা।

সেক্ষেত্রে আরমেলিন দেমিরোভিচের সঙ্গে আক্রমণভাগের নেতৃত্ব দেবেন ইয়োভো লুকিচ। কানাডার বিপক্ষে এরইমধ্যে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন লুকিচ। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার বিশ্বকাপ অভিষেকেই করেছেন গোল। দলকে জেতাতে না পারায় ম্যাচের পর আক্ষেপ প্রকাশ করেন লুকিচ। তবে সমর্থকদের পাশে পাওয়ায় দ্বিতীয় ম্যাচেও ভালো কিছু উপহার দিতে আত্মবিশ্বাসী তিনি। লুকিচ বলেন, ‘মনে হচ্ছিল যেন বসনিয়াতে খেলছি। কানে শুধু আমাদের সমর্থকদের চিৎকার ভেসে আসছিল। তাদেরকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।’

বিশ্বকাপে বসনিয়া-সুইজারল্যান্ডের এটিই প্রথম ম্যাচ। দু’দল এর আগে মোটে একবার মুখোমুখি হয়। ২০১৬ সালের ওই প্রীতি ম্যাচে বসনিয়া জেতে ২-০ গোলে। তবে সুইজারল্যান্ড তাদের শেষ ১৫ ম্যাচে মাত্র একটিতে হেরেছে। আট জয়ের সঙ্গে ড্র ছয়টি। আর বিশ্বকাপের গ্রুপ পর্বেও সুইসদের রেকর্ড দারুণ। আট ম্যাচে হার মাত্র একটি। চার জয় ও তিন ড্র।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন