অজি স্পিনে কুপোকাত টাইগাররা

ফন্ট সাইজ:

নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের আকস্মিক ইনজুরিতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস করতে নামেন তাওহিদ হৃদয়। টস জিতে ব্যাটিং বেছে নিলেও চট্টগ্রামের উইকেটে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। স্পিন বিষে নীল হয়ে ১৯ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। টস জয়ের পর বড় স্কোরের আশা করেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক হৃদয়। কিন্তু মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। অজি স্পিনারদের দারুণ নৈপুণ্যে শুরু থেকেই ধুঁকতে থাকে স্বাগতিক ব্যাটাররা। অ্যাডাম জাম্পা ও অভিষিক্ত বাঁহাতি স্পিনার জয়েল ডেভিস তুলে নেন ৩টি করে উইকেট। অফ স্পিনার ম্যাট রেনশ পান ২ উইকেট। মূলত এই ৩ স্পিনারের ঘূর্ণিতেই কুপোকাত হয় হৃদয় বাহিনী। ইনিংসের সর্বোচ্চ ২৯ রান আসে ৮ নম্বরে নামা শেখ মেহেদি হাসানের ব্যাট থেকে।

এছাড়া সাইফ হাসান করেন ২০ রান এবং সৌম্য সরকার করেন ১৭ রান। বাকিরা চরমভাবে ব্যর্থ। স্বাগতিকদের শুরুটা আশা জাগানিয়া হলেও তৃতীয় ওভারে স্পেন্সার জনসনের বলে তানজিদ হাসান ১০ রানে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লের ভেতরেই রেনশকে আক্রমণে এনে চমক দেখান অজি দলনেতা মিচেল মার্শ। রেনশর স্পিনে ছক্কা হাঁকাতে গিয়ে ১০ রান করে আউট হন সাইফ। ক্রিজে নেমে প্রথম বলে ছক্কা হাঁকান হৃদয়। তবে জাম্পাকে স্লগ সুইপ করতে গিয়ে ৮ রানে বোল্ড হন তিনি। বদলি হিসেবে দলে ঢোকা সৌম্যও থিতু হতে পারেননি। নিখিল চৌধুরীর ক্যাচে জাম্পার শিকার হন তিনি। এরপর পারভেজ হোসেন ইমন ১০ ও শামীম ১ রানে আউট হলে চরম বিপদে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে মেহেদির অপরাজিত ২৯ রান ও মোস্তাফিজুর রহমানের ৭ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৩১ রান জমা করতে সক্ষম হয় লাল সবুজের দল।

১৩২ রানের লক্ষ্যে নেমে শরিফুল ইসলামের বলে জশ ইংলিস ৫ রানে ফেরেন। তবে কুপার কনোলি এসেই পাল্টা আক্রমণ চালান। তিনি শরিফুলের ওভারে ২টি চার ও ১টি ছক্কা হাঁকান। মার্শ ১৩ রানে আউট হলেও কনোলি ও টিম ডেভিড দলকে জয়ের পথে রাখেন। তারা ৪০ রানের জুটি গড়েন। আব্দুল গাফফার সাকলাইনের বলে ছক্কা মারতে গিয়ে ৪৭ রানে আউট হন কনোলি। ডেভিড ২০ ও নিখিল ১৮ রান করেন। শেষদিকে রেনশ’র ১৮ রানের ইনিংসে ভর করে ১৮.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাম্পা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন