২০২৬ বিশ্বকাপের শুরুটা সুখকর হয়নি চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার। ‘এ’ গ্রুপে টিকে থাকার লড়াইয়ে দুই দলের সামনেই এখন ‘মাস্ট-উইন’ এক ম্যাচ। আটলান্টা স্টেডিয়ামে আজ রাত ১০টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। যেখানে হার মানেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাওয়া।
প্রথম ম্যাচে লিড নিয়েও দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় চেক প্রজাতন্ত্র। ম্যাচে বল দখল ও আক্রমণে কিছুটা ছন্দ দেখালেও রক্ষণভাগের ভুলের মাশুল দিতে হয় তাদের। ফলে কোচ মিরোস্লাভ কুবেকের প্রধান চিন্তা থাকবে ডিফেন্সকে আরও সংগঠিত করা। অভিজ্ঞ মিডফিল্ডারদের নিয়ন্ত্রণে রেখে দ্রুত আক্রমণে যাওয়ার কৌশলই হতে পারে ইউরোপীয় দলটির ভরসা।
অন্যদিকে, স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ফিনিশিং দুর্বলতা এবং প্রতিপক্ষের চাপ সামলাতে না পারাই ছিল হুগো ব্রুসের দলের বড় সমস্যা। র্যাংকিয়ে দক্ষিণ আফ্রিকার (৬০) চেয়ে এগিয়ে রয়েছে চেক প্রজাতন্ত্র (৪০)। দু’দলের একমাত্র সাক্ষাত ১৯৯৭ কনফেডারেশন কাপে। সেবার ২-২ সমতায় শেষ হয় লড়াই।
কাঠগড়ায় দক্ষিণ আফ্রিকার কোচ
সাবেক অধিনায়ক ও ২০১০ বিশ্বকাপ দলের সদস্য টেকো মোডিস প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন ব্রুসের ৫-৩-২ ফরমেশন নিয়ে। তার মতে, গোল হজমের পরও পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলা চালিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে আক্রমণাত্মক ফুটবল থেকে দূরে সরিয়ে দিয়েছে। সুপারস্পোর্টসকে মডিস বলেন, আপনিই এই একাদশ ও সিস্টেম বেছে নিয়েছেন। দেশের মানুষকে বলতে পারেন না যে সবকিছু ঠিক ছিল। কোন ম্যাচ দেখছিলেন আপনি? অবশ্যই আপনি ইচ্ছা করে এমনটা করেননি। কিন্তু গোল হজমের পর থেকেই আমাদের খেলায় ধারাবাহিকভাবে সমস্যা দেখা গেছে। আপনার হাতে এমন খেলোয়াড় আছে, যারা ফুটবল খেলতে পারে। তারপরও দ্বিতীয়ার্ধে পাঁচজন ডিফেন্ডার রেখেই আপনি খেলিয়ে গেছেন, যেন শুধু কোনোভাবে টিকে থাকার আশায় ছিলেন।
