টানা কয়েক টুর্নামেন্টে তীরে এসে তরী ডোবার আক্ষেপ ঘুচিয়ে অবশেষে কি ‘হোম’-এ ফিরবে ফুটবলের সোনালী ট্রফি? ৬০ বছরের খরা কাটানোর মিশন নিয়ে আজ টেক্সাসের ডালাসে মাঠে নামছে ইংল্যান্ড। গ্রুপ ‘এল’-এর হাইভোল্টেজ ম্যাচে থমাস টুখেলের শিষ্যদের প্রথম পরীক্ষাই দিতে হচ্ছে চেনা প্রতিপক্ষ এবং বিশ্বমঞ্চের অন্যতম ধারাবাহিক দল ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এই ক্রোয়াটদের কাছে হেরেই ফাইনালের স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের।
১৯৬৬ সালের পর আর কোনো বৈশ্বিক শিরোপা না জেতা থ্রি-লায়নদের এবারের স্বপ্নযাত্রার কেন্দ্রবিন্দুতে অধিনায়ক হ্যারি কেইন। সদ্যই বায়ার্ন মিউনিখের হয়ে জার্মান বুন্ডেসলিগা জয় এবং মৌসুমজুড়ে ৫১ ম্যাচে ৬১ গোলের অবিশ্বাস্য রেকর্ড নিয়ে উত্তর আমেরিকায় পা রেখেছেন এই ৩২ বছর বয়সী স্ট্রাইকার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কেইন বলেন, ‘দল হিসেবে বিশ্বকাপ জেতার এটাই আমাদের সেরা সুযোগ। আমরা সবাই টুর্নামেন্টে একটি দুর্দান্ত শুরু করতে এবং শেষ পর্যন্ত যাওয়ার সামর্থ্য প্রমাণ করতে মুখিয়ে আছি।’
দলটির নতুন জার্মান কোচ থমাস টুখেলও সমর্থকদের প্রত্যাশার চাপ মাথায় রেখে বলেন, ‘আমাদের স্বপ্ন দেখার অধিকার আছে। তবে আমরা অবাস্তব কিছু ভাবছি না।’
অন্যদিকে, ক্রোয়েশিয়াকে এবারও পথ দেখাবেন তাদের ৪০ বছর বয়সী জাদুকর এবং অধিনায়ক লুকা মদরিচ। নিজের পঞ্চম এবং সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নামা এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আজ মাঠে নামলেই দেশের জার্সিতে ১৯৯তম ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ মদরিচকে তার ‘ডান হাত’ আখ্যা দিয়ে বলেন, ‘তরুণদের জন্য ও এক বড় রোল মডেল।’ তবে প্রতিপক্ষের গোলমেশিন কেইনকে নিয়ে বেশ সতর্ক দালিচ। সতর্ক হয়েই তিনি বলেন, ‘ওদের দলে বিশ্বের সেরা স্ট্রাইকার (কেইন) আছে, যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমাদের রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও জোর দিতে হবে।’
২০১৮ বিশ্বকাপের রানার্সআপ এবং ২০২২-এর তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়া বরাবরই বড় টুর্নামেন্টের কালো ঘোড়া। ফলে এ ম্যাচটি দুই দলের জন্যই নকআউট পর্বের মহড়া হতে যাচ্ছে। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে দুই ইউরোপিয়ান পরাশক্তির এই দ্বৈরথ।
