আইডিআরএ চেয়ারম্যান হলেন নাদিয়া নিভিন

ফন্ট সাইজ:

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপ-ধারা-২ অনুযায়ী মীর নাদিয়া নিভিন অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএ’র চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

গত ২রা মার্চ আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করেন। এরপর থেকে আইডিআরএ’র চেয়ারম্যান কে হচ্ছেন এই নিয়ে নানা গুঞ্জন ছিল বীমা খাতে। এরপর আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য নিয়োগ নিয়ে কর্তৃপক্ষ আইন সংশোধন করে গত ৫ই মে তারিখে গেজেট প্রকাশ করা হয়।

অন্তর্বর্তী সরকারের ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন নাদিয়া নিভিন। তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নিরপেক্ষ পরিচালক হিসেবে যোগ দেন ২০২৫ সালের অক্টোবরে। ডেল্টা লাইফের একটি সূত্র জানায়, এখনো তিনি ডেল্টা লাইফের নিরপেক্ষ পরিচালক হিসেবে আছেন।

নাদিয়া নিভিনের জন্ম কুয়েতে। সেখানে কিছুদিন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। এরপর ৪র্থ শ্রেণিতে পড়ার সময় বাবা-মা’র সঙ্গে বাংলাদেশে আসেন। ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোতে মাস্টার্স করেন নাদিয়া নিভিন। নাদিয়া নিভিন কর্মজীবন শুরু করেন ২০০৭ সালের আগস্ট মাসে। ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার হিসেবে। বাংলাদেশ সরকারের ‘এটুআই’ কর্মসূচিতেও কাজ করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন