বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সমর্থকদের কড়া নির্দেশনা দিয়েছে ফিফা। এ নিয়মের বেড়াজালে পড়ে সমস্যায় পড়েছেন ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা (ওয়াগ)। ফিফার বেঁধে দেয়া নিয়মের কারণে গ্যালারিতে তারা বিলাসবহুল ব্র্যান্ড হার্মিস এর কেলি ও বার্কিন মডেলের অধিকাংশ ব্যাগ বহন করতে পারছেন না। বিশ্বকাপের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ব্যাগ বহনের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে ফিফা। স্বচ্ছ ব্যাগের ক্ষেত্রে আয়তন কিছুটা ছাড় দেয়া হলেও, সাধারণ ব্যাগের ক্ষেত্রে আকার সর্বোচ্চ ১১.৪ সেন্টিমিটার (প্রস্থ) ও ১৬.৫ সেন্টিমিটার (উচ্চতা) বেঁধে দেয়া হয়েছে ।
হার্মিসের ঐতিহ্যবাহী ১১টি মডেলের মধ্যে কেবল ‘মিনি’ সংস্করণটিই এই মাপের ভেতরে পড়ে। ফলে তারকারা বিলাসবহুল এ ব্যাগ বহন করতে পারছেন না। বিশ্বখ্যাত লাক্সারি ব্র্যান্ড হার্মিসের একেকটি ব্যাগের দাম ২ লাখ রিয়াল বা তারও বেশি হতে পারে। ফুটবলের গ্ল্যামার দুনিয়ায় এই ব্যাগগুলো আভিজাত্যের প্রতীক। তবে ফিফার নিয়মের কারণে ইনফ্লুয়েন্সার গ্যাব্রিয়েলি মিরান্দাসহ অনেককেই এখন তাদের প্রিয় বড় সাইজের ব্যাগ বাদ দিয়ে ছোট মানিব্যাগ বা ‘মিনি’ ব্যাগ বেছে নিয়েছেন। ব্রাজিলের প্রথম ম্যাচে খেলোয়াড় লুকাস পাকেতার স্ত্রী দুদা ফুরনিয়ারকে দেখা গেছে নীল রঙের ‘কেলি মিনি’ ব্যাগে। অথচ কিছুদিন আগেই মারাকানায় প্রীতি ম্যাচে তিনি ব্যবহার করেছিলেন বড় আকারের কেলি ব্যাগ।
স্টেডিয়ামে নিরাপত্তার খাতিরে ব্যাগের আকার সীমিত রাখা ফিফার দীর্ঘদিনের নীতি। এবার এই নিয়ম মানতে বাধ্য হচ্ছেন ফ্যাশন সচেতন তারকারা। আড়ম্বরপূর্ণ ব্যাগগুলো অনেক সময় ভিড়ের মধ্যে অসুবিধার কারণ হতে পারে এবং নিরাপত্তা তল্লাশিতেও সময়ক্ষেপণ ঘটায় বলে এ সিদ্ধান্ত নেয় ফিফা।
