রেকর্ড ছয়বার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। দশম আসরেও দারুণ শুরু পেয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬৫ রানে হারায় অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাটে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। লিডসের হেডিংলি ক্রিকেট মাঠে দু’দলের লড়াই শুরু বিকাল সাড়ে ৩টায়। অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশও এবারের বিশ্বকাপে জয় দিয়ে শুভসূচনা করে। নিজেদের প্রথম ম্যাচে নবাগত নেদারল্যান্ডসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায়।
ফর্ম পক্ষে কথা বললেও কন্ডিশন ও শক্তির বিচারে অস্ট্রেলিয়াই ফেবারিট। বিশেষ করে হেডিংলির উইকেট ও পরিবেশ সম্পর্কে বেশ জানাশোনা তাদের। স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারই এ মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে বিশ্বকাপের কল্যাণে প্রথমবার ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে খেলছে টাইগ্রেসরা। টি-টোয়েন্টির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে সবমিলিয়ে পাঁচবার মুখোমুখি হয় বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে এ দুই দলের দেখা হয়েছে দু’বার। প্রতিবারই জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া।
হেডিংলিং মাঠ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হবে। এর আগে এ মাঠে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল। এ মাঠের উইকেট সাধারণত স্পোর্টিং হয়ে থাকে। সব প্রতিযোগিতা মিলে এ মাঠে হওয়া ৩৯ ম্যাচে ২২.৭৫ গড়ে পেসাররা নিয়েছেন ১৯৫ উইকেট। ২১.০৭ গড়ে স্পিনাররা নেন ২০৯ উইকেট। প্রথমে ব্যাট করা দলের গড় রান ১২৭।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আলো কাড়েন টাইগ্রেস ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৩ বলে ৫০ রান করা এই তরুণী অস্ট্রেলিয়ার বিপক্ষেও ফর্ম ধরে রাখতে চাইবেন। আরেক ওপেনার দিলারা আক্তার, তিনে নামা শারমিন আক্তার সুপ্তা, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারির ব্যাটে তাকিয়ে বাংলাদেশ। এছাড়া শেষ দিকে ঝড় তুলতে চাইবেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
বোলিংয়ে দুই পেসার মারুফা আক্তার ও ফারিয়া আক্তার তৃষ্ণা বাংলাদেশের মূল শক্তি। অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে এই বোলারদের লাইন-লেন্থ ঠিক রাখাই হবে জয়ের চাবিকাঠি। আর আগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে চার স্পিনার নিয়ে খেলা অস্ট্রেলিয়া হেডিংলিতে একাদশে পরিবর্তন আনতে পারে। অভিজ্ঞ পেসার মেগান শাট একাদশে ফিরতে পারেন। ব্যাট হাতে অজিদের হয়ে দারুণ ফর্মে আছেন পিএইচবি লিচফিল্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনে নেমে ২৩ বলে ঝড়ো হাফসেঞ্চুরি করেন।
১২ দলের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শুভসূচনা করে পয়েন্ট তালিকার তিনে রয়েছে টাইগ্রেসরা। দুই গ্রুপের খেলা শেষে ৩০ ও ২রা জুলাই হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ৫ই জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।
