ঢাকার কেরানীগঞ্জে সাতদিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা কনফারেন্স রুমে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত সাতদিনে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোর ডাকাত ছিনতাইকারীসহ ৭৯ জন, মাদক অপরাধে ১৪৬ জন, বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ২৯৬ জন, বিভিন্ন মামলায় ১৩৫ জন ও সন্ত্রাসবিরোধী আইনে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে হেরোইন, গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, ঢাকা জেলা পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্তভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ঢাকা জেলাকে আমরা মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়তে চাই। এই প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা দক্ষিণ ক্রাইম অ্যান্ড অপস, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল জামিলুর রহমান, মডেল থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ ডিবি’র ইনচার্জ শফিকুল ইসলাম সুমন প্রমুখ।
