সামনে কলম্বিয়া উৎসবে উজবেকরা

সামনে কলম্বিয়া উৎসবে উজবেকরা

ফন্ট সাইজ:

ইতিহাস থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে উজবেকিস্তান। মধ্য এশিয়ার দেশটি বিশ্বকাপে অভিষেক ম্যাচে খেলতে নামছে কলম্বিয়ার বিপক্ষে। এস্তাদিও আজতেকায় ‘কে’ গ্রুপের ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল ৮টায়। দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিধর দল কলম্বিয়া। র‌্যাঙ্কিংয়ে কলম্বিয়ার (১৩) চেয়ে ৩৭ ধাপ পিছিয়ে উজবেকিস্তান। তবে কোচ ফাবিও কানাভারোর ‘উপভোগ মন্ত্র’ নিয়ে মাঠে নামবে উজবেকরা। ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক কানাভারোর হাত ধরেই মূলপর্বের টিকিট কাটে দলটি।

উজবেকিস্তানের তারকা ফুটবলার আবুসবেক ফাইজুল্লায়েভ রাশিয়ান সংবাদমাধ্যম স্পোর্টস এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘তিনি (কানাভারো) তার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন আমাদের সঙ্গে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কাঁধের ভারটা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি আমাদের বলেছেন, দিনগুলো উপভোগ করো। কারণ এটাই তোমাদের প্রথম বিশ্বকাপ। মাঠে যাও আর চাপহীন খেলো। তোমাদের কিছুই হারানোর নেই।’
তুরস্কের বাসাকসেহির ক্লাবের হয়ে খেলছেন ফাইজুল্লায়েভ। ২২ বছর বয়সী এই উইংগার দেশের হয়ে ৩২ ম্যাচে করেছেন ৮ গোল। প্রথমবার বিশ্বকাপে খেলা নিয়ে রোমাঞ্চিত ফাইজুল্লায়েভ বলেন, ‘আমি খুবই খুশি সঙ্গে নার্ভাসও। ছোটবেলা থেকে যে মুহূর্তের স্বপ্ন দেখতাম সেটির খুব কাছাকাছি আমি। ২০১০ সালের বিশ্বকাপের প্রথম স্মৃতি মনে করতে পারি। আমাদের গ্রুপটা খুবই কঠিন। কিন্তু প্রতিপক্ষ দল আমাদের ব্যাপারে তেমন কিছু জানে না। আমরা কিন্তু তাদের ভড়কে দিতে পারি।’

উজবেকিস্তান দল ও তাদের সমর্থকদের উদ্দেশ্যে সাবেক কোচ শ্রেচকো কাতানেতসেরও উপভোগের পরামর্শ। স্থানীয় সংবাদমাধ্যমকে শ্রেচকো বলেন, ‘সকল উজবেকের প্রতি আমার আর্জি, দল নিয়ে খুব বেশি প্রত্যাশা করো না। কারণ, প্রথম আসরেই অনেক ভালো ফল করা খুব কঠিন। এটাকে উন্নতির অংশ মনে করে প্রতিটি মুহূর্তকে উপভোগ করে যাও।’

অন্যদিকে, আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জোর অধীনে নতুন লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে কলম্বিয়া। এর আগে ছয়বার অংশ নিয়ে মাত্র একবার (২০১৪) শেষ আট পর্যন্ত পৌঁছাতে পেরেছিল তারা। হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজদের নিয়ে বড় স্বপ্ন সাবেক স্টাইকার ফসতিনো আসিপ্রিয়ার। উত্তরসূরিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সমর্থকদের আনন্দ ফিরিয়ে আনতে খেলোয়াড়দের মাঠে সবটা ঢেলে দেয়া উচিত।’

আলোচনায় লুইস দিয়াজ
কলম্বিয়ার বর্তমান স্কোয়াডের সবচেয়ে দামি ফুটবলার লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখের লেফট উইংগার বর্তমানে তার পজিশনে সেরাদের একজন। গত মৌসুমে বাভারিয়ানদের হয়ে ৫১ ম্যাচে ২৬ গোল ও ২৩ অ্যাসিস্ট করেছেন দিয়াজ। জাতীয় দলের জার্সিতে ৭৪ ম্যাচে দিয়াজের অবদান ২২ গোল ও ৭ অ্যাসিস্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন