ফুটবল উন্মাদনায় মুখর শায়েস্তাগঞ্জ

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপকে ঘিরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এখন যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে রঙিন পতাকা আর মুখে বিজয়ের সেøাগান নিয়ে উল্লাসে মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্রই বইছে বিশ্বকাপের উন্মাদনার ছোঁয়া। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সরব উপস্থিতিতে শায়েস্তাগঞ্জে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শায়েস্তাগঞ্জ পৌর শহরের নতুন ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে স্টেশন রোড, দাউদনগর বাজার, ড্রাইভার বাজার ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা প্রদক্ষিণ করে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক যুবক-যুবতী, তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী।

তাদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও প্রিয় খেলোয়াড়দের ছবিসংবলিত ফেস্টুন। অন্যদিকে, এর আগের দিন ব্রাজিল সমর্থকরাও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউনের মাধ্যমে নিজেদের সমর্থনের জানান দেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা বিশ্বকাপের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন। দুই দলের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, হোটেল-রেস্তরাঁ, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, হাট-বাজার এবং বিভিন্ন আড্ডাস্থলে এখন বিশ্বকাপই আলোচনার প্রধান বিষয়। খুদে ফুটবলপ্রেমী শিক্ষার্থীরাও পিছিয়ে নেই।

অনেকেই তাদের পছন্দের দলের জার্সি পরে প্রিয় দলের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করছে। স্থানীয়রা জানান, বিভিন্ন দেশের সমর্থক থাকলেও শায়েস্তাগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাই বেশি। ফলে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে মজার ছলে বাকযুদ্ধ, খুনসুটি ও যুক্তি-তর্ক। তবে এসবই হচ্ছে উৎসবের আমেজে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পোস্ট, ট্রল, মন্তব্য আর তর্ক-বিতর্কের পাল্টাপাল্টি লড়াই। ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের মিলনমেলা। আর সেই বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জও এখন রঙিন উৎসবের আবহে প্রাণচাঞ্চল্যে ভরপুর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন