শিশুকে বলাৎকার ডোবায় ডুবিয়ে হত্যা

ফন্ট সাইজ:

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নে ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুকে বলাৎকারের পর ডোবায় চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ফজুমিয়াজির চরে একটি ডোবা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওয়াহিদুল ৫ নম্বর ওয়ার্ড এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার তিন যুবক মিলে ওয়াহিদুলকে রোববার বিকালে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে। পরে ঘটনা ফাঁস হওয়ার ভয়ে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করে। লাশ গোপন করতে ডোবার কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। এলাকাবাসী আরও জানায়, তিনজনের মধ্যে একজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনার বিষয়ে সে জানার কথা বলে। পরে তাকে ফুসলিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারে স্থানীয় লোকজন।

তার কথার সূত্র ধরে লাশ উদ্ধার ও অপর দুই সহযোগীকে শনাক্ত করে পাকড়াও করা হয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। তবে তাৎক্ষণিক আটক তিনজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, রোববার শিশুটি নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে একটি ডোবার কচুরিপানার ভেতরে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এদিকে ছোট শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় পুরো এলাকার মানুষ স্তব্ধ হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন