সিলেট নগরের বাগবাড়ি ও নবার রোড এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্দিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানায়। মিছিলের সময় পুলিশের একটি গাড়িকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখা যায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ৫০-৬০ জন নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিল বের করে।
মিছিলের অগ্রভাগে থাকা অনেক নেতা হেলমেট ও মাস্ক পরা ছিল। মিছিলটি নবার রোড থেকে শুরু হয়ে বাগবাড়ি এলাকা পর্যন্ত যায়। মিছিলের একপর্যায়ে বাগবাড়ি এলাকার প্রবেশমুখে মিছিলটি যাওয়া মাত্র পুলিশের একটি পিকআপ ওই এলাকা পাড়ি দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটি নগরের বাগবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষ হওয়ার পর কয়েকজন যুবক এসে কর্মীদের মারধর করে।
এ সময় ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি, আশরাফুল আহমদ শাফি। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম সাংবাদিকদের জানান, মিছিল করার দায়ে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। কারা কারা মিছিল করেছে- তাদের খুঁজে বের করা হচ্ছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চালানো হবে বলে জানান তিনি। সূত্র বলছে, নিষিদ্ধ ঘোষিত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের অনুসারীরা সিলেটে এই মিছিলের আয়োজন করে। এতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অংশ নেয়।
