পদ্মার চরে ফের গুলিবিদ্ধ লাশ

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে পদ্মার চরে সাহাবুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল তিনটার দিকে পদ্মা নদীর রাইটার চর এলকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাহাবুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামাণিকের ছেলে। গত ৮ দিনে উপজেলার চরাঞ্চল থেকে এটি দ্বিতীয় গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনা।

জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২ থেকে আড়াইটার মধ্যে ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী চর এলাকা থেকে মোটরসাইকেলযোগে এসে নদীর কিনারা সংলগ্ন এলাকায় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় নৌকায় থাকা সাহাবুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত ও তার সঙ্গে থাকা সহযোগী রবিউল ইসলাম (৩৭) আহত হন। পরে আহত রবিউল ইসলাম পুলিশকে জানান, ঘটনার সময় তিনি আতঙ্কিত হয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নিরাপদ স্থানে চলে যান। এ ঘটনায় তার শরীর ও দুই হাতে সামান্য আঘাত লাগে। তবে হামলাকারীদের কাউকেই তিনি চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, ইতিমধ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত রবিউল ইসলামের জবানবন্দিতে বিভিন্ন ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। তদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নদী এলাকা হওয়ায় ঘটনার খবর পেয়ে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সেলিম মিয়া আইনগত কার্যক্রম শুরু করেছেন বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে এসআই মো. সেলিম মিয়া মানবজমিনকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কালো রঙের শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ৯ই জুন ২০২৬ উপজেলার চরজাজিরা চরে একটি স্পিডবোট থেকে আজিজুল হক ঝড়ু ওরফে ঝড়ু মাস্তান নামে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলায় পদ্মার চরে বিভিন্ন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন