জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালত নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট মামলায় হাইকোর্টে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দীপু মনির জামিন স্থগিত থাকবে।
আদালতের আদেশের পর দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করেছেন। তিনি বলেন, দীপু মনির বিরুদ্ধে বর্তমানে ১৫টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে আগে দুটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছিলেন এবং বাকি ১৩টি মামলায় রুল জারি করেছিলেন। মঙ্গলবারের আদেশের ফলে ওই দুটি জামিনের একটি আপাতত স্থগিত হয়ে গেল।
এর আগে গত ৩রা জুন বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রাজধানীর বিভিন্ন থানার ৭টি মামলার মধ্যে একটিতে তাকে জামিন দেন এবং বাকি ছয়টি মামলায় কেন জামিন দেওয়া হবে না, সে বিষয়ে রুল জারি করেন। পরে ৯ জুন বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ আরও আটটি মামলার মধ্যে একটিতে জামিন মঞ্জুর করে এবং সাতটিতে রুল জারি করেন। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, দুর্নীতি ও সহিংসতার অভিযোগে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে অন্তত ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজধানীর পাশাপাশি নিজ জেলা চাঁদপুরেও তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। গত ১৯শে আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধারাবাহিকভাবে হত্যা ও নাশকতার আরও বিভিন্ন মামলায় তাকে আসামি করা হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। এদিকে, দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ গুরুতর অসুস্থ থাকায় মানবিক কারণে তাকে সাত দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছেন তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। গত ২৭ মে এ বিষয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দেওয়া হয়।
