চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। প্রচণ্ড ব্যস্ততায় সময় গেলেও চলতি বিশ্বকাপের সব খবরাখবর রাখছেন এ গায়িকা। পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করছেন না। আর আর্জেন্টিনার ম্যাচ শত ব্যস্ততা থাকলেও আয়োজন করে দেখার পরিকল্পনা তার।
পুতুল বলেন, আমি আর্জেন্টিনার তুমুল সমর্থক হলেও আমার স্বামী সৈয়দ রেজা আলী প্রথমত ব্রাজিল সমর্থক ও দ্বিতীয়ত অস্ট্রেলিয়া। আমি অবশ্য সব দলের প্রতি শ্রদ্ধাশীল। যে কারও স্বাধীনতায় বিশ্বাসী। আমি নিজেও রেজার সঙ্গে রাত জেগে ব্রাজিলের প্রথম খেলা দেখেছি। চেয়েছিলাম ব্রাজিল জিতুক। কিন্তু শেষ পর্যন্ত তারা ড্র করেছে। আর আমি আমার বাবার বাড়ি চলে এসেছি আর্জেন্টিনার খেলা দেখতে। কারণ আমাদের ৮ থেকে ৮০ সবাই আর্জেন্টিনা সমর্থক।
খুব আয়োজন করে প্রথম খেলাটা দেখবো আজ। আমার আর্জেন্টিনাকে এবার যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। প্রথম দিকে অনেকের ইনজুরি ছিল। তবে সেটা কাটিয়ে উঠেছে তারা। আর মেসি এখন আরও বিধ্বংসী। সে বেশি দৌড়াদৌড়ি কমিয়ে দিয়েছে। আগের চেয়ে অনেক ম্যাচিউরড। সুযোগমতো সে দান মারবে। গ্রেটদের এটাই বৈশিষ্ট্য। আমি মনে করি সবার সহযোগিতা পেলে সে ম্যাচ বের করে আনবে।
