ছোটবেলায় পড়া একটি গল্প কীভাবে মানুষের চিন্তা ও জীবনবোধকে প্রভাবিত করতে পারে, তারই উদাহরণ তুলে ধরলেন টলিউড অভিনেত্রী রুক্ষ্মিণী মৈত্র। সম্প্রতি নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, বর্তমান সমাজে মানুষ ক্রমশ ‘সেলফিস জায়ান্ট’ এ পরিণত হচ্ছে। অস্কার ওয়াইল্ডের বিখ্যাত গল্প ‘দ্য সেলফিস জায়ান্ট’ বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতীয় উপমহাদেশের শিক্ষার্থীদের কাছেও পরিচিত।
গল্পটিতে একজন স্বার্থপর দৈত্যের কথা বলা হয়েছে, যে শিশুদের নিজের বাগানে প্রবেশ করতে দিতো না। পরে সে উপলব্ধি করে ভালোবাসা, মানবতা ও প্রকৃতির গুরুত্ব। সেই গল্পের সঙ্গে বর্তমান সময়ের মানুষের আচরণের মিল খুঁজে পেয়েছেন রুক্ষ্মিণী। অভিনেত্রী বলেন, আমরা সবাই এখন সেলফিস জায়ান্ট হয়ে গিয়েছি। ছোটবেলায় এই গল্পটি পড়ার সময় একটি লাইন আমাকে খুব ভাবিয়েছিল। সেখানে বলা হয়েছিল, সেই স্বার্থপর রাক্ষসের কথা বলারও সীমাবদ্ধতা ছিল। এখন মনে হয়, আমরাও যেন সেই অবস্থায় পৌঁছে গেছি।
অনেক কিছু ভাবতে হয়, মেপে কথা বলতে হয়। তিনি আরও বলেন, গল্পটি পড়ার পর আমি দাদার কাছে ছুটে গিয়েছিলাম এবং এ নিয়ে অনেক আলোচনা করেছিলাম। কেন জানি না, ওই লাইনটি আমার মনে গভীরভাবে দাগ কেটেছিল। কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পেরেছি, বাস্তব জীবনেও আমরা অনেকটা সেই স্বার্থপর রাক্ষসের মতো হয়ে যাচ্ছি। চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বাইক এম্বুলেন্স দাদা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দেব।
