রামিসা ধর্ষণ ও হত্যা মামলা

হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত, যেকোনো দিন শুনানি শুরু

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীর আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য প্রয়োজনীয় পেপারবুক প্রস্তুত করা হয়েছে। ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি শুরু হতে পারে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিচারিক আদালতের রায়, সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংকলন করে পেপারবুক প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী বিশেষ বেঞ্চে শুনানির তারিখ নির্ধারিত হবে।

এর আগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ মামলার প্রধান আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড এবং তার স্ত্রী স্বপ্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে উভয় আসামি জেল আপিল দায়ের করেন। পাশাপাশি মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সও হাইকোর্টে আসে। আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি এবং নিষ্পত্তি বাধ্যতামূলক। পেপারবুক প্রস্তুত হওয়ায় মামলাটির বিচারিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শুনানি শেষে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখতে, পরিবর্তন করতে বা বাতিল করে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। এদিকে হাইকোর্টে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন