সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এসব মাদক ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিল ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরার উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানকারীদের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি পেলেও বিভিন্ন চক্র সীমান্ত ব্যবহার করে অবৈধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
