ফুটপাথ দখলমুক্ত করতে রাজশাহীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

ফন্ট সাইজ:

রাজশাহী মহানগরীতে ফুটপাথ ও সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে এ অভিযান শুরু হয়। পরে অভিযানটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। অভিযানে ফুটপাথ ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকানপাট উচ্ছেদ করা হয়। একইসঙ্গে রাস্তার উপর পার্কিং করে রাখা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন জব্দও করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হতে হচ্ছিল। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল, অন্যদিকে নগরীতে যানজটও সৃষ্টি হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাথ দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাথ ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একইসঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আজ থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং নগরীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে পরিচালিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন