রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর শীর্ষ পর্যায়ের কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘এমজিকিউ নেতৃত্ব সম্মাননা ২০২৪-২০২৫’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সোনালী লাইফের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয় এই আয়োজন।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর চেয়ারম্যান মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শাখা ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপক ও আর্থিক সহযোগীরা অংশ নেন। এ সময় কৃতী কর্মীদের সম্মাননা দেয়া হয়। পাশাপাশি অনুপ্রেরণামূলক বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে কার্যরত জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রিমিয়াম আয়ে সোনালী লাইফ পঞ্চম স্থান অর্জন করেছে। এ খাতে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৮৬৫ কোটি ৮৭ লাখ টাকা। এ ছাড়া নবায়ন প্রিমিয়াম আয়, দাবি পরিশোধ ও জীবন তহবিলের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। দাবি পরিশোধ বাবদ গ্রাহকদের ৪০৫ কোটি ১৫ লাখ টাকা প্রদান করেছে সোনালী লাইফ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, কর্মদক্ষতা ও নেতৃত্বের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দক্ষ ও ভবিষ্যতমুখী কর্মীবাহিনী গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছে।
