এবারের বিশ্বকাপকে স্মরণীয় ও আবেগঘন করে তুলতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিয়ে এসেছে এক অভিনব উদ্যোগ। বিশ্বকাপে যারা প্রথমবার খেলছেন তাদের জার্সির ডান হাতায় থাকছে একটি বিশেষ ব্যাজ। সেখানে শোভা পাচ্ছে বিশ্বকাপ ট্রফির ছবি। তার ঠিক নিচে লেখা ডেব্যু ফিফা ওয়ার্ল্ড কাপ।
ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা শুধুমাত্র বিশ্বকাপ অভিষেকে এই ব্যাজটি পরতে পারবেন। অর্থাৎ, প্রতিটি ফুটবলারের জীবনে এই বিশেষ সুযোগ আসবে একবার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর তরুণ প্রতিভা গিলবার্তো মোরা বদলি হিসেবে মাঠে নেমে প্রথম এই ব্যাজটি প্রদর্শন করেন। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে এই বিশেষ রোমাঞ্চের ছোঁয়া লাগছে আলবিসেলেস্তে শিবিরেও। দলটির মোট আটজন খেলোয়াড় নিজেদের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছেন। স্বপ্নের এই স্মারক ব্যাজটি জড়িয়ে মাঠে নামবেন হুয়ান মুসো, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, ভ্যালেন্তিন বারকো, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ এবং হোসে ম্যানুয়েল লোপেজ।
ফিফার এই নতুন উদ্যোগ কেবল নতুনদের ফ্রেমবন্দি করার জন্য নয়; যারা পাঁচ বা তার বেশি বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাসের অংশ হয়েছেন, তাদের জন্যও রয়েছে বিশেষ ব্যাজ। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং গিয়ের্মো ওচোয়ার মতো কিংবদন্তিদের জার্সিতেও থাকছে এই বিশেষ দীর্ঘযাত্রার স্বীকৃতি। পাশাপাশি, সাবেক বিশ্বকাপ জয়ী ‘গোল্ডেন বল’ বিজয়ীদের জন্যও ফিফা রাখছে বিশেষ মর্যাদার ব্যাজ। ২০২৬ বিশ্বকাপ থেকে ফিফার অফিশিয়াল স্টিকার অ্যালবামের দায়িত্ব পাওয়া বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘টপস’ জানিয়েছে, এই বিশেষ ব্যাজগুলো তাদের স্টিকার অ্যালবামের বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হতে যাচ্ছে।
