প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে হারিয়ে বিশ্বকাপের শুভসূচনা করেছে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সোফি স্টেডিয়ামে পচেত্তিনোর শিষ্যদের এই দাপুটে জয়ের দিন আলোচনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) একটি ঐতিহাসিক ও অদ্ভুত সিদ্ধান্ত।
ম্যাচে তখন ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে ফাউল করার অপরাধে রেফারি ড্যানি ম্যাকিংয়ের থেকে হলুদ কার্ড দেখেন মার্কিন ডিফেন্ডার টিম রিম। ফ্রি-কিক নেয়ার পর হুট করেই খেলা থামিয়ে রেফারিকে মাঠের পাশের মনিটর (ভিএআর স্ক্রিন) দেখার অনুরোধ জানান ভিডিও রেফারি। মনিটর দেখে এসে রেফারি টিম রিমের হলুদ কার্ড বাতিল করেন এবং উল্টো আলমিরনকে ডাইভিং (ফাউলের অভিনয়) করার জন্য হলুদ কার্ড দেখান! কারণ, ভিএআর-এ দেখা যায় আলমিরনের সঙ্গে রিমের কোনো স্পর্শই লাগেনি।
বিশ্বকাপের ইতিহাসে মিস্টেকেন আইডেন্টিটি বা ‘ভুল পরিচয়-এর কারণে ভিএআরের এমন হস্তক্ষেপ এই প্রথমবার দেখা গেল। নিয়ম অনুযায়ী, খেলা একবার পুনরারম্ভ হয়ে গেলে সাধারণত সিদ্ধান্ত বদলানো যায় না। তবে ফিফা রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনার বিশেষ অনুরোধে এবারের বিশ্বকাপে একটি নতুন নিয়ম যুক্ত হয়েছে। সে অনুযায়ী, কোনো রেফারি ফাউল না হওয়া সত্ত্বেও প্রতিপক্ষের খেলোয়াড়কে ভুলবশত যদি বুকিং (কার্ড) দেন, তবে খেলা শুরুর পরও সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার থাকবে ভিএআরের। রেফারি ফ্রি-কিক নেয়ার সুযোগ দেয়ার পর খেলা থামিয়ে পুনরায় সিদ্ধান্ত নেয়াতে দর্শকরা বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ, খেলা পুনরায় শুরু হয়ে যাওয়ার পর ‘পেছনে ফিরে যাওয়ার’ ঘটনা এর আগে দেখেনি তারা।
বিবিসি স্পোর্টসের ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ড্যানি মারফি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘নিয়মের এমন যেকোনো পরিবর্তন যা ডাইভিং বা অভিনয়ের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে, তা ফুটবলের জন্যই মঙ্গলজনক।’
ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে জোড়া গোল করে ইতিহাস গড়েন ফোলারিন বালোগান। শেষ মুহূর্তে জিওভানি রেইনার ২০ গজ দূর থেকে নেয়া নান্দনিক বাঁকানো শটের গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। তবে ম্যাচ ছাপিয়ে ভিএআরের এই ঐতিহাসিক ‘ভুল পরিচয়’-এর ব্যবচ্ছেদই এখন ফুটবল বিশ্বের আলোচনার খোরাক।
