জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুততম সময়ে মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারে যাওয়ার সুযোগ পাব। শুক্রবারে লন্ডন শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের বাইরে বসবাসরত বাংলাদেশিদের এনসিপি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে। তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও সক্ষমতাকে দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দলটি কাজ করছে। তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে। তিনি বলেন, দেশের সঙ্গে প্রবাসীদের একটি কার্যকর ও অর্থবহ সম্পৃক্ততা তৈরি করতে আমরা কাজ করছি। বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এবং কূটনৈতিক পরিসরে তাদের অবদান আরও বিস্তৃত করার সুযোগ সৃষ্টি করতে চাই। শুরু থেকেই এনসিপি এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
এদিকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের বিশেষ আমন্ত্রণে আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশ নিতে লন্ডনে পৌঁছেছেন হাসনাত আব্দুল্লাহ। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ আমন্ত্রণ জানানো হয়।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ইউকে ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আগামী ১৪ জুন অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক প্যানেল আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন তিনি।
অক্সফোর্ড ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রের মাধ্যমে তার অংশগ্রহণ নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন, রাজনৈতিক পটপরিবর্তন, রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাবনা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরবেন বলে জানা গেছে। সফরকালে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশি কমিউনিটি, ছাত্র সংগঠন ও মানবাধিকার কর্মীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
