ভারতের পর এবার চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

ভারতের পর এবার চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এবার বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রপ্রধান মিন অং হ্লাইং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, আগামী ১৫ থেকে ১৯ জুন বেইজিং সফর করবেন মিন অং হ্লাইং।

শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, এই সফরকালে শি জিনপিং মিন অং হ্লাইংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এ ছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি আলাদাভাবে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।

লিন জিয়ান বলেছেন, চীন ও মিয়ানমার ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং ‘এক অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ হিসেবে বিবেচিত। ৭৬ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে দুই দেশ পারস্পরিক সহযোগিতা ও সংহতির মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নিয়েছে।

তিনি জানান, এই সফরের মাধ্যমে চীন ও মিয়ানমার “পাউক-ফাও” (ভ্রাতৃত্বপূর্ণ) সম্পর্ক আরও জোরদার করতে চায় এবং সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে গভীর করার লক্ষ্য রয়েছে।
চীন আশা করছে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও ফলপ্রসূ হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।

চলতি বছরের শুরুতে মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে মে মাসে ভারতে যান মিন অং হ্লাইং। ভারত সফরের পর এবার তিনি চীনে যাচ্ছেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন