সদ্য কারামুক্ত যুব জাগপা কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনি নন্দীকে সংবর্ধনা দিয়েছে যুব জাগপা। আজ ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ খারাপ। অতীতে ভারতের শিলংয়ে বিলাসী জীবনযাপন করা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র সংসদে উর্দু-ফার্সি শের-শায়েরি নিয়ে তামাশায় লিপ্ত। জনগণ আপনার বিলাসী জীবনের হিসাব সময়মতো সঠিক পন্থায় বের করে নেবে। আপাতত আপনার ৪ গাড়ি ও ৪ ড্রাইভারের হিসাব না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিন।”
রাশেদ প্রধান আরও বলেন, “বিএনপির রাষ্ট্রীয় মবের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন যুবনেতা জনি নন্দী। তার এই ২ মাসের কারাবন্দী জীবন আমাদের শিক্ষা দিয়েছে- যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ। জালিমশাহীর রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। জনির ঘটনায় প্রমাণ হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বিএনপিপন্থী।”
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকারপন্থী ও বিএনপি সমর্থক একটি গোষ্ঠী তার বাসভবনের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। নানাবিধ অশালীন মন্তব্য এবং এক পর্যায়ে রাশেদ প্রধানের বাসভবনে হামলা চালালে জনি নন্দী তাদের বাধা প্রদান করেন। পুলিশ মব সৃষ্টিকারীদের সরিয়ে দিয়ে উল্টো জনিকে গ্রেফতার করে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবু নাসের, জাগপা ছাত্রকাফেলা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান রাহুল প্রমুখ।
