ব্রাজিলের ম্যাচ ঘিরে কারফিউ জারি

ব্রাজিলের ম্যাচ ঘিরে কারফিউ জারি

ফন্ট সাইজ:

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে বিশ্বকাপের কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচের সময় ১৬ বছরের কম বয়সীদের জন্য রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পিএসজি’র চ্যাম্পিয়ন্স লীগ জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফ্রান্সের ম্যাচগুলোর পাশাপাশি কারফিউ কার্যকর হবে মরক্কোর-ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি এবং তিউনিসিয়া-নেদারল্যান্ডস ম্যাচে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তুলুজের মেয়র জ্যাঁ-লুক মুদাঁ। নতুন নিয়ম অনুযায়ী, এসব ম্যাচের দিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের কেন্দ্রস্থলের নির্ধারিত এলাকায় কোনো প্রাপ্তবয়স্কের সঙ্গ ছাড়া ১৬ বছরের কম বয়সী কেউ অবস্থান করতে পারবে না। মুদাঁ বলেন, ‘প্রিফেকচারের সঙ্গে আলোচনা করে আমরা কিছু নির্দিষ্ট ম্যাচ বেছে নিয়েছি, যেগুলোকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেছি।’

গত ৩০শে মে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের পর তুলুজসহ ফ্রান্সের বিভিন্ন শহরে যে সহিংসতা ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল, সেসব সামনে এনেছেন মুদাঁ। মেয়র বলেন, ‘নাগরিক ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।’ একই সঙ্গে ফ্রান্সের চতুর্থ বৃহত্তম শহর তুলুজে কিশোর অপরাধের প্রবণতা বেড়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, মধ্য ফ্রান্সের শহর ক্লেরমঁ-ফেরাঁর মেয়রও চলতি সপ্তাহে ১৬ বছরের কম বয়সীদের জন্য একই ধরনের কারফিউ ঘোষণা করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৪ই জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ই জুন। দুইবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেনেগাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন