দেশের সর্ব দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন উপকূলে সীমান্ত নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৮-১০ই জুন পর্যন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশইনের চেষ্টা করে। বিজিবি’র তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা সম্ভব হয়নি বলে জানিয়েছে শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটেলিয়ন সদর দপ্তর। সূত্র আরও জানায়, পুশইন প্রতিরোধে বিজিবি ১৭ ব্যাটালিয়ন একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, মোটরসাইকেল ও এটিভির মাধ্যমে নিয়মিত অতিরিক্ত রাত্রিকালীন টহল, সীমান্ত এলাকায় মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি এবং বাঁশি, লাইট ও মেঘা ফোনসহ বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া নদীপথে পুশইন ঠেকাতে সীমান্ত নদীতে হাইস্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন সচেতনতামূলক সভাও আয়োজন করা হচ্ছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে সার্বক্ষণিক দুই সেকশনের একটি কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানায় বিজিবি। নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহারিয়ার রাজীব বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না। অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে বলে জানান তিনি।
