ফিফা’র বিরুদ্ধে তদন্ত শুরু টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের

বিশ্বকাপের টিকিট বিক্রিতে প্রতারণা

ফিফা’র বিরুদ্ধে তদন্ত শুরু টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বিশ্বকাপের টিকিট বিক্রিতে কথিত প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে ফিফা’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার তিনি এই তদন্তের ঘোষণা দেন। তার অভিযোগ, টেক্সাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রির সময় দর্শকদের আসনের অবস্থান ও মান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে প্যাক্সটন বলেন, আমি নিশ্চিত করতে কাজ করবো যে, ফিফা নৈতিক ও সৎ ব্যবসায়িক চর্চা অনুসরণ করছে, যাতে টেক্সাসের ফুটবল সমর্থকদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হয়। তিনি আরও বলেন, খেলাধুলার একটি অনন্য ক্ষমতা রয়েছে মানুষকে একত্রিত করার। আর ফিফাকে বুঝতে হবে, টেক্সাসের মানুষ যেমন প্রতিযোগিতাকে গুরুত্ব দেয়, তেমনি তাদের ভোক্তা অধিকার নিয়েও তারা অত্যন্ত সচেতন। ২০২৬ বিশ্বকাপে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সাতটি ম্যাচ হবে। অন্যদিকে, আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে হবে নয়টি ম্যাচ, যার মধ্যে আগামী ১৪ই জুলাইয়ের একটি সেমিফাইনালও রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ইউএসএ টুডেকে দেয়া তথ্য অনুযায়ী, প্যাক্সটনের কার্যালয় একটি নির্দিষ্ট ঘটনার উদাহরণ তুলে ধরেছে। ওই ঘটনায় এক সমর্থক ক্যাটাগরি-১ টিকিট কিনেছিলেন এই প্রত্যাশায় যে, তিনি মাঠের প্রিমিয়াম ভিউ পাবেন। কিন্তু পরে ফিফা আসনের মানচিত্র পরিবর্তন করে তার আসনকে ক্যাটাগরি-২-এ স্থানান্তর করে বলে অভিযোগ করা হয়েছে। ফলে তিনি আগের তুলনায় খেলার কম সুবিধাজনক দৃশ্য দেখতে বাধ্য হন। ইউএসএ টুডের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও ফিফা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরাও একই ধরনের অভিযোগের ভিত্তিতে পৃথক তদন্ত শুরু করেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন