কাপাসিয়া থেকে নিখোঁজ শিশু মাগুরায় উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরের কাপাসিয়া থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী এক শিশুকে মাগুরা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ভোররাত ১টার দিকে তাকে উদ্ধারের পর কাপাসিয়া থানায় আনা হয়। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ই জুন সকালে স্কুলে যাওয়ার পথে শিশুটি নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে শিশুটির বাবা কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে প্রথমে যশোর জেলার অভয়নগর এলাকার একটি স্থানের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তাকে সেখান থেকে সরিয়ে মাগুরা জেলার একটি বাড়িতে রাখা হয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে পুলিশ অভিযান চালিয়ে মাগুরা জেলার সদর থানার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করতে পারিনি। কাপাসিয়া থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর-তদন্ত) মো. যুবায়ের বলেন, জিডি পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার অভিযানে শিশুটির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন